নারায়ণগঞ্জে শেখ হাসিনা-শামিম ওসমানসহ ৬২ জনের বিরুদ্ধে হত্যা মামলা

নারায়ণগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্থানীয় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ৬২ জনের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

সিদ্ধিরগঞ্জ এলাকার বাসিন্দা গণ-অভ্যত্থানে নিহত মাছ ব্যবসায়ী মিলনের স্ত্রী মোসাম্মাৎ শাহনাজ বেগম বাদী হয়ে রবিবার (১৮ আগস্ট)  দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।

নিহত মিলন সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় মাছের ব্যবসা করতেন। তার গ্রামের বাড়ি পটুয়াখালীর দুমকী থানার আঙ্গারিয়া ইউনিয়নের ঝাটকা গ্রামে।

গত ২১ জুলাই ঢাকা-চট্টগ্রাম রোডের শিমরাইল মোড় দিয়ে মাছের আড়তে যাচ্ছিলেন ব্যবসায়ী মিলন মিয়া। এসময় ১ থেকে ৩ নং আসামির হুকুমে বাকি আসামিরা সমবেত ছাত্র জনতার ওপর গুলিবর্ষণ করে। ফলে মিলন মিয়া গুলিবিদ্ধ হন ও পরে হাসপাতালে মারা যান। 

এই মামলায় অন্য আসামিদের মধ্যে রয়েছেন—শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, শ্যালক বিসিবি পরিচালক তানভীর আহমেদ টিটু, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহাসহ ৬২ জন।