সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, অতি ভারী বর্ষণেরও আভাস

সকাল থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের কোথাও কোথাও আজ মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। তবে আগামী পাঁচ দিন পর বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।

আজ সোমবার (১৯ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরেনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারে ১৪১ মিলিমিটার। এ ছাড়া সীতাকুণ্ডে ১০৬, আমবাগানে ১০১, চট্টগ্রামে ৮৯, কয়রায় ৬৯, সাতক্ষীরায় ৬১, যশোর, টেকনাফ ও সন্দ্বীপে ৫৯, কুমিল্লায় ৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারা দেশে আজ দিন এবং রাতের তামপাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে আগামীকাল ও পরশু সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।