কুতুবদিয়ায় মালবাহী ট্রলার ডুবি, নিখোঁজ শ্রমিক

কক্সবাজারের কুতুবদিয়ার উত্তর বঙ্গোপসাগরে মালবাহী একটি ট্রলার ডুবে গেছে। সোমবার (১৯ আগস্ট) সকালে চট্টগ্রামের মাঝির ঘাট থেকে সাগরপথে কুতুবদিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে বাঁশখালীর কয়লা বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ট্রলারের এক শ্রমিক নিখোঁজ রয়েছেন।

মালবাহী ট্রলারের মালিক আজিজুল হক প্রকাশ আজু সওদাগর বলেন, কুতুবদিয়ার ব্যবসায়ীদের মালপত্র নিয়ে চট্টগ্রাম থেকে সোমবার ভোরে কুতুবদিয়ার উদ্দেশ্যে রওনা হয় ট্রলারটি। সকালে বাঁশখালীর কয়লা বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন গহিরার দক্ষিণ-পশ্চিম সাগরে ঝড়ের কবলে পড়ে তার ট্রলারটি ডুবে যায়। 

তিনি আরও জানান, এসময় ট্রলারে থাকা ৮ শ্রমিকের মধ্যে সাতজনকে উদ্ধার করা হয়। তবে ইব্রাহিম নামের এক শ্রমিক নিখোঁজ রয়েছেন। 

এ ব্যাপারে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের লেফটেন্যান্ট কমান্ডার শোয়াইব বিকাশ বলেন, ‌‘সাগর প্রচণ্ড উত্তাল থাকার পরও জয় বাংলা জাহাজের সহযোগিতায় উদ্ধার কাজ চলছে। এত প্রতিকূল মুহূর্তেও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’