পটিয়ায় ঘরের দেয়াল ধসে ঘুমন্ত শিশুর মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় অতিবৃষ্টিতে ঘরের দেয়াল ধসে পড়ে নিঝুম (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ আগস্ট) সকালে পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের আলমদার পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

শিশু নিঝুম আলমদার পাড়া গ্রামের মুহাম্মদ মান্নানের মেয়ে। স্থানীয় চাটারা নোমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী।   স্থানীয় জনগণ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

পরিবার ও স্থানীয়রা জানান, সোমবার (১৯ আগস্ট) ভোরে অতিবৃষ্টির কারণে ঘরের চালা বেয়ে বৃষ্টির পানি মাটির দেয়ালে পড়ে। এতে দেয়াল পানি চুষে একপর্যায়ে ধসে পড়ে। এ সময় ওই শিশুর মা অন্য রুমে নামাজরত অবস্থায় ছিলেন। শিশুটি ঘুমিয়ে ছিল। হঠাৎ দেয়াল ধসে মাটিতে চাপা পড়ে শিশুটি। ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।