ঢাবির হল থেকে দেশীয় অস্ত্র-বোমা সদৃশ বস্তু উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্‌দীন হল থেকে একটি রামদা এবং দুটি বোমার সদৃশ বস্তু উদ্ধার করেছে সাধারণ শিক্ষার্থীরা।

আজ সোমবার (১৯ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হলের ২২১ এবং ২২২ নম্বর রুমের সামনে থাকা ট্রাংকের ভেতর থেকে একটি রামদা এবং গ্রেনেড সদৃশ দুটি বস্তু পান শিক্ষার্থীরা। রুম দুটিতে থাকতেন হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান এবং ছাত্রলীগ নেতা মোস্তাকিম হোসেন রিয়াদ।

শিক্ষার্থীরা জানান, গত ১৭ জুলাই ছাত্রলীগের নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ত্যাগ করেন। তাদের দখলকৃত সিঙ্গেল রুমগুলো খালি পড়ে থাকায় সেখানে সাধারণ শিক্ষার্থীরা উঠতে শুরু করেন। পরে ছাত্রলীগ নেতাদের ফেলে যাওয়া ট্রাংকের ভেতরে পাওয়া যায় গ্রেনেড সদৃশ দুটি বস্তু এবং একটি মরিচা ধরা রামদা।

ঘটনাস্থলে পুলিশের একটি টিম উপস্থিত হলেও ভয় কেউ বোমা সদৃশ বস্তু দুটি ধরেননি। শিক্ষার্থী এবং আইন-শৃঙ্খলা বাহিনী জানায়, তারা বোমা নিষ্ক্রিয়করণ টিমকে অবহিত করেছেন। তারা এলেই বিষয়টি সুরাহা হবে।