ওয়াসিম আকরাম হত্যাকাণ্ড

শেখ হাসিনা, হাছান মাহমুদ, নওফেলসহ ২৫০ জনের নামে মামলা

কোটা সংস্কার আন্দোলনে গুলিতে চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী ওয়াসিম আকরাম নিহত হওয়ার ঘটনায় নগরের পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ২৫০ জনকে আসামি করা হয়েছে।

গতকাল রোববার (১৮ আগস্ট) রাতে নিহত ওয়াসিম আকরামের মা জোছনা বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের বিষয়টি সোমবার দুপুরে দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা।

মামলার অন্য আসামির মধ্যে রয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, বর্তমান মেয়র রেজাউল করিম চৌধুরী, সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু, নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ পাল, সাবেক যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী, জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন, চান্দগাঁও ওয়ার্ড কাউন্সিলর এসরারুল হক, কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনি, গিয়াস উদ্দিন মোবারক আলী, নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, জাকারিয়া দস্তগীর, লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম প্রমুখ।

মামলার এজাহারে বলা হয়, গত ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনে বাদীর ছেলে ওয়াসিম আকরাম নগরের মুরাদপুর এলাকায় কর্মসূচিতে অংশ নেন। মামলার আসামিদের নির্দেশে ও নেতৃত্বে আন্দোলনকারীদের ওপর হামলা হয়। তারা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আন্দোলনকারীদের ওপর গুলি চালায়। গুলিতে বাদীর ছেলে ওয়াসিম আকরাম নিহত হন।