নতুন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে বিসিবি প্রাঙ্গণ ঘুরিয়েও দেখিয়েছেন তিনি। এ ক্ষেত্রে তামিম ইকবাল কোন ভূমিকা পালন করেছে সে সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজনের কাছে।
এদিন বিসিবিতে তামিম আসার কিছুক্ষণ পর আসেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এরপর উপদেষ্টাকে পুরো বিসিবি ঘুরিয়ে দেখান তামিম।
মাঠে প্রবেশের পর ড্রেসিংরুমের সামনে থেকে হেঁটে ইনডোরেও দেখতে যান উপদেষ্টা। তামিম ছাড়াও তার সঙ্গে ছিলেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, শাহারিয়ার নাফিজ ও বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন।
পরে ক্রীড়া উপদেষ্টা যাওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন। তার কাছে জানতে চাওয়া হয়েছিল তামিমের ভূমিকা সম্পর্কে। যার উত্তরে সুজন বলেন, ‘শুধু তামিম নয় কারও সঙ্গেই আলাদা করে কথা বলেননি উপদেষ্টা মহোদয়। তবে ঠিক কোন ভূমিকায় তামিম ওনাদের ঘুরিয়ে দেখালেন সেটা বলতে পারব না। আগে থেকে যোগাযোগ ছিল সে কারণেই সঙ্গে ছিল আর কি।’
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা প্রস্তুত আছি। বাকিটা আইসিসির বিষয়।’