জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব (মূসক মনিটরিং, পরিসংখ্যান ও সমন্বয়) আরজিনা খাতুনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামালের বিরুদ্ধে চাকরিজীবনে নিয়োগ বাণিজ্য, ঘুষ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্প অর্জনের অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (১৯ আগস্ট) দুদক সচিব খোরশেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের কাছে থাকা অভিযোগে বলা হয়, ১০ জুন আরজিনার দুর্নীতি ও অবৈধ সম্পদের খতিয়ান তুলে ধরে দুদকে অভিযোগ জমা দেন এক ব্যক্তি। আরজিনা বর্তমানে রাজস্ব বোর্ডের মূসক মনিটরিং, পরিসংখ্যান ও সমন্বয়ের দ্বিতীয় সচিব। এর আগে চট্টগ্রাম কাস্টমস হাউজের উপকমিশনার ছিলেন তিনি।
সাবেক আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের সঙ্গে আরজিনা খাতুনের সখ্যতা রয়েছে। মিথ্যা তথ্য দিয়ে পণ্য আমদানি, মানি লন্ডারিং, স্বর্ণ চোরাচালান চক্রের সঙ্গে যোগসাজশ আর বিপুল সম্পদ অর্জন করেছেন আরজিনা।
দুর্নীতির মাধ্যমে রাজধানীতে বিলাসবহুল ফ্ল্যাট, গ্রামে আলিশান বাড়ি, পরিবারের সদস্যদের নামে-বেনামে জমিসহ বিপুল সম্পদের মালিক হয়েছেন তিনি। মাত্র তিন বছরে আরজিনা কিনেছেন অন্তত ৫০০ ভরি স্বর্ণালঙ্কার, যার ২০০ ভরি চোরাচালানের মাধ্যমে বিদেশ থেকে আনা হয়েছে।