বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বিদেশে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সহযোগিতা করতে রাজি আছে। সোমবার (১৯ আগস্ট) সকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ইইউর ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্নাড স্পানিয়ের ঘণ্টাব্যাপী বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
আমীর খসরু বলেন, ‘বিদেশে এতগুলো টাকা যে পাচার হয়েছে, এই টাকাগুলো বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে আলোচনা হয়েছে। আমরা সাজেস্ট করেছি সবাই মিলে একসাথে এটার জন্য কাজ করতে হবে। ইইউ এ ব্যাপারে সহযোগিতা করতে রাজি আছে।’
বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা, আগামী নির্বাচন, দেশে থেকে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা হয়েছে হয়েছে বলে জানিয়েছেন তিনি।
বৈঠকের পর আমীর খসরু বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে পটপরিবর্তনের পরে বাংলাদেশ গণতন্ত্র, রাজনীতি ও অর্থনীতি সবকিছু মিলিয়ে আগামী দিনের বাংলাদেশ কোথায় যাচ্ছে এসব নিয়ে আলোচনা হয়েছে। ইইউ কীভাবে বাংলাদেশকে সমর্থন দিতে পারে, সহযোগিতা করতে পারে, কোথায় কোথায় সমর্থন দিলে আমাদের দেশটাকে তুলে আনা যাবে এসব নিয়ে আলোচনা হয়েছে।’
নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে কিনা এ প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, ‘গণতন্ত্রে ফিরে আসতে হলে নির্বাচন ছাড়া তো সুযোগ নেই। স্বাভাবিকভাবে এই বিষয়টি আলোচনা হয়েছে।’