আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন জার্মানি অধিনায়ক ইকাই গুন্দোয়ান। ৩৩ বছর বয়সী এই মিডফিল্ডার এক ইনস্টাগ্রাম বার্তায় জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।
গত মাসে শেষ হওয়া ইউরো চ্যাম্পিয়নশিপে জার্মানিকে নেতৃত্ব দিয়েছিলেন গুন্দোয়ান। তুর্কি বংশোদ্ভূত গুন্দোয়ান জার্মানির হয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেন ২০১১ সালে।
অবসরবার্তায় গুন্দোয়ান লিখেছেন, ‘গত কয়েক সপ্তাহের ভাবনাচিন্তায় এ সিদ্ধান্তে এসেছি যে জাতীয় দলকে বিদায় বলার এটাই সময়।’
গত ১৩ বছর জার্মানির জার্সি গায়ে খেলার কথা তুলে ধরে গুন্দোয়ান লিখেছেন, ‘আমি দেশের হয়ে ৮২টি আন্তর্জাতিক ম্যাচ খেলার গৌরব সঙ্গী করে বিদায় নিচ্ছি, যেটা আমি অভিষেকের সময় স্বপ্নেও ভাবিনি।’
গত এক যুগে জার্মান ফুটবলের সবচেয়ে বড় সাফল্য ২০১৪ বিশ্বকাপ জয়। তবে পিঠের চোটে মাঠের বাইরে থাকায় সেই টুর্নামেন্টে খেলা হয়নি তার। ২০১৮ আর ২০২২ বিশ্বকাপে খেললেও দুটি আসরেই গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় জার্মানি।
গুন্দোয়ান তার আন্তর্জাতিক ক্যারিয়ারে সেরা মুহূর্ত বলেছেন ২০২৪ ইউরোকে। তুর্কি বংশোদ্ভূত প্রথম খেলোয়াড় হিসেবে জার্মানিকে বড় টুর্নামেন্টে নেতৃত্ব দেওয়ার কীর্তিতে নাম লেখানো এই মিডফিল্ডার এ বিষয়ে লিখেছেন, ‘আমার ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল পর্ব হচ্ছে ঘরের মাটিতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দেশকে নেতৃত্ব দেওয়া। অনেক বছর পর অবশেষে আমরা দেশের মানুষকে গর্বিত করতে পেরেছি।’
গুন্দোয়ান ২০২৬ ফিফা বিশ্বকাপ সামনে রেখে এখনই দল ভালোভাবে গড়ে তোলার সময় উল্লেখ করে শুভকামনা জানিয়ে রেখেছেন, ‘আমি আশা করি, জার্মানি জাতীয় দল সামনের দিকে এগিয়ে যাবে; যা আমাদের ২০২৬ বিশ্বকাপ ট্রফি প্রধান দাবিদারদের একটি করে তুলবে। আমাদের চমৎকার একজন কোচ আছেন, শক্তিশালী একটা দল আছে আর আছে টিম স্পিরিট।’
ঘরের মাঠে খেলা ইউরোয় জার্মানি কোয়ার্টার ফাইনালে স্পেনের কাছে হেরে বিদায় নেয়। সব মিলিয়ে জার্মানির হয়ে ৮২টি ম্যাচ খেলেছেন বার্সেলোনার এই মিডফিল্ডার, গোল করেছেন ১৯টি। ২০২৩ সালে হয়েছেন জার্মানির বর্ষসেরা ফুটবলারও।