মাত্র দুই সপ্তাহের প্রস্তুতিতে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের অভিযান আজ শুরু হচ্ছে বাংলাদেশের। নেপালের কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে আজ শ্রীলঙ্কাকে হারাতে পারলেই নিশ্চিত হবে সেমিফাইনাল। আসরের শুরুর ম্যাচে স্বাগতিক নেপালের কাছে ১-০ ব্যবধানে হেরেছিল শ্রীলঙ্কা। ফলে নেপাল মোকাবিলার আগেই বাংলাদেশের সামনে শেষ চার নিশ্চিত করার সুযোগ আজ।
অভিজ্ঞ কোচ মারুফুল হক ও অধিনায়ক মেহেদী হাসান শ্রাবণের বিশ্বাস নিজেদের সেরাটা দিতে পারলে শ্রীলঙ্কাকে হারানো কঠিন হবে না।
টুর্নামেন্টের ম্যাচগুলো হওয়ার কথা ছিল কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে। তবে সেখানে বিরামহীন বৃষ্টির কারণে আয়োজকরা গ্রুপপর্বের সব ম্যাচ নিয়ে গেছে আনফা কমপ্লেক্সের কৃত্রিম টার্ফে। গত শুক্রবার নেপালে পৌঁছানোর পর কালই প্রথম ম্যাচ ভেন্যুতে অনুশীলনের সুযোগ পেয়েছে বাংলাদেশ দল। এর আগে দুদিন দুই মাঠে অনুশীলন করতে হয়েছে দলকে। খুব কম সময়ে দলটিকে গুছিয়ে নেওয়ার চ্যালেঞ্জ নেওয়া কোচ মারুফুল হক বিশ্বাস রাখছেন শিষ্যদের ওপর।
বাফুফের পাঠানো অডিওবার্তায় কোচ বলেন, ‘আমরা এখানে আসার আগেই বলেছিলাম ফাইনাল খেলে চ্যাম্পিয়ন হতে চাই, যেহেতু এই দলটি গতবার ফাইনাল খেলেছিল। গত দুই সপ্তাহ খেলোয়াড়দের মধ্যে যে আত্মত্যাগের ইচ্ছা, প্রতিজ্ঞাবদ্ধ থাকা ও কঠোর পরিশ্রম করার মানসিকতা দেখেছি, এখন পর্যন্ত আমরা সেই লক্ষ্যেই আছি এবং সঠিক পথেই আছি। আজ আমাদের প্রথম ম্যাচ। আমরা ম্যাচের প্রতিপক্ষ শ্রীলঙ্কার খেলা দেখেছি। তাদের শক্তি-সামর্থ্য সম্পর্কে ধারণা নিয়েছি। সে অনুযায়ী গেম প্ল্যান ও কৌশল করে সেটা খেলোয়াড়দের জানিয়েছি। আমরা যেহেতু চ্যাম্পিয়ন হতে চাই, তাই প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করতে চাই।’
দলটির অধিনায়কত্ব করছেন বসুন্ধরা কিংসের গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ। তার কণ্ঠেও কিছু করে দেখানোর প্রতিশ্রুতি, ‘আমরা ১৫ দিন দেশে খুব ভালোভাবে অনুশীলন করে এখানে এসেছি। কালকে আমাদের প্রথম ম্যাচ। প্রথম ম্যাচটা জয় দিয়ে শুরু করতে চাই। প্রথম ম্যাচে জিততে পারলে আমি মনে করি পঞ্চাশ ভাগ কাজ হয়ে যাবে। কোনো দলকেই খাটো করে দেখার সুযোগ নেই। শ্রীলঙ্কা আমাদের চেয়ে ভালো দল। তবে আমার মনে হয় আমরা সব খেলোয়াড় যদি মাঠে শতভাগ দিয়ে খেলতে পারি, কোচের পরিকল্পনা কাজে লাগাতে পারি, আমরা জয় নিয়ে মাঠ থেকে ফিরতে পারব।’
এই আসরে মোট ছয়টি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলছে। বি গ্রুপে গতবারের চ্যাম্পিয়ন ভারত ছাড়াও আছে মালদ্বীপ ও ভুটান।