সমালোচনার মুখে আর জি কর নিয়ে সুর বদল সৌরভের

আর জি কর ঘটনা নিয়ে মন্তব্য করে বিপাকে পড়েছিলেন সৌরভ গাঙ্গুলি। সমালোচনার তীর ধেয়ে এসেছিল তার দিকে। আন্দোলনকারি ও আন্দোলনের সমর্থকরা মন্তব্য সেটা ভালোভাবে নেয়নি কেউ। তাই চাপের মুখে বাধ্য হয়ে এই বিষয়ে সুর বদলালেন প্রিন্স অব কলকাতা।

বিশ্ব-বাংলা কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানে গিয়ে আর জি কর–কাণ্ড নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সৌরভ বলেছিলেন, তারও একটি মেয়ে আছে আর মেয়ের বাবা হিসেবে বিষয়টিতে তিনি খুব হতাশ হয়েছেন।

এমনকি ঘটনাকে বিচ্ছিন্ন বলে হৈচৈ করার কিছু নেই বলে মন্তব্য করেন। সৌরভের এমন মন্তব্যের পর চারদিক থেকে ছুটে আসে সমালোচনার তীর। অভিনেত্রী স্বস্তিকা তো সৌরভকে একপ্রকার বর্জনই করেছেন।

এমন চাপের মুখে অবশেষে নিজের বক্তব্য বদলাতে বাধ্য হয়েছেন সৌরভ। এবার তিনি বলেছেন, ‘গত রবিবার আমি এটা (আর জি কর–কাণ্ড) নিয়ে কথা বলেছিলাম। আমি জানি না, আমার বক্তব্য কীভাবে উপস্থাপন করা হয়েছে। এটা ভয়ংকর এক ঘটনা। অপরাধীর এমন শাস্তি হওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউ আর এমনটা করতে না পারে। তদন্ত চলছে। আমি আশা করি, অপরাধী ধরা পড়বে এবং শাস্তি পাবে। মানুষ যেভাবে প্রতিবাদ করছে, বিশ্বের যেকোনো জায়গায় এমন ঘটনা ঘটলে এভাবেই মানুষ আওয়াজ তুলবে।’