বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেন শুরু হতে যাচ্ছে আগামী সপ্তাহে। তার আগে মাস্টার্স টুর্নামেন্টে সিনসিনাটি ওপেনের শিরোপা জিতলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনা। সোমবার ফাইনালে স্ট্রেট সেটে (৭-৬ (৪), ৬-২) ফ্রান্সেস টিয়াফোকে হারিয়েছেন তিনি। আগামী সোমবার থেকে নিউইয়র্কে শুরু হতে যাওয়া ইউএস ওপেনের আগে তাই বাড়তি আত্মবিশ্বাস যোগ করে নিয়েছেন তিনি।
২৩ বছর বয়সী এই টেনিস তারকা গত কয়েক মাস ধরে হিপ ইনজুরির সঙ্গে লড়াই করছিলেন। যে কারণে তিনি প্যারিস অলিম্পিকেও অংশ নিতে পারেননি। ফলে সিনসিনাটি ওপেন ছিল তার কাছে গ্র্যান্ড স্ল্যামের আগে প্রস্তুতির সেরা মঞ্চ। যা পুরোপুরিভাবেই কাজে লাগাতে পেরেছেন।
সিনসিনাটিতে শিরোপা জিতে তিনি বলেছেন, ‘এটা খুব কঠিন সপ্তাহ ছিল। তবে আজকের ম্যাচ নিয়ে আমি খুব খুশি। মানসিকভাবে খুব কঠিন পরিস্থিতিতে ছিলাম। আমরা দুজনেই অনেক চাপ অনুভব করেছি। কিন্তু আমি যে পর্যায়ে খেলেছি তাতে আমি খুব খুশি, বিশেষ করে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে।’
সিনার বলেছিলেন যে তার একমাত্র ফোকাস এখন বছরের শেষ গ্র্যান্ড স্লামের জন্য প্রস্তুত হওয়া, ‘এখন অবশ্যই সেরে ওঠা গুরুত্বপূর্ণ, নিউইয়র্কের জন্য প্রস্তুত থাকা। আমি যে অবস্থানে আছি সেখানে থাকতে পেরে খুব খুশি এবং খেলা চালিয়ে যাওয়ার জন্য এই ক্ষুধা নিয়ে মানসিকভাবে চালিয়ে যাওয়ার চেষ্টা করছি।’
ফাইনালে হারলেও রবিবারের সেমিফাইনালে ডেন হোলগার রুনকে তিন সেটের লড়াইয়ে হারানোর মুহুর্তকে ইউএস ওপেনের জন্য আত্মবিশ্বাস হিসেবে কাজে লাগাতে চান টিয়াফো। তিনি বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে সংগ্রাম করছি, তাই এরকম একটি সপ্তাহ কাটানো মানে অনেক কিছু।’