দীর্ঘ ৯ বছর ধরে বন্দী থাকা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. আসলাম চৌধুরীর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আজ মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ১০ টায় তিনি কারামুক্ত হন।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মঞ্জুর হোসেন এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আসলাম চৌধুরী ৯ বছর ধরে কারাগারে ছিলেন। জামিনে সকল কাগজ-পত্র যাচাই-বাছাই করে আজ মঙ্গলবার সকাল দশটায় তাকে মুক্তি দেওয়া হয়েছে।’
বিএনপি নেতা আসলাম চৌধুরীর আইনজীবী কেএম সাইফুল ইসলাম বলেন, ‘আসলাম চৌধুরীকে ৭৬টি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাবন্দী রাখা হয়। ৭৫টি মামলায় জামিন হয়েছিল। ২০১৩ সালে ঢাকার কোতোয়ালী থানার রাজনৈতিক মামলায় এজাহারে নাম না থাকা সত্ত্বেও ২০২১ সালে গ্রেপ্তার দেখিয়ে মুক্তি প্রক্রিয়া আটকে রাখে সদ্য সাবেক স্বৈরশাসক।
মামলায় ৫ জানুয়ারি ২০২২ সালে মহামান্য হাইকোর্ট জামিন দিলে রাষ্ট্র পক্ষ চেম্বার জজে আপীল করে জামিন স্থগিত করা হয়। ১৯ আগস্ট প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপীল বিভাগ জামিনের বিরুদ্ধে রাষ্ট্র পক্ষের দায়েরকৃত আপীল খারিজ করে দিয়েছেন। প্রসঙ্গত, আসলাম চৌধুরীকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ২০১৬ সালের ১৬ মে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল।