এটুআই কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে তদন্ত কমিটি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ বাস্তবায়নাধীন এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রামে কর্মরত পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমসহ নামে-বেনামে বিভিন্নভাবে উঠা অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব মো. জিল্লুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব ড. মুহম্মদ মেহেদী হাসানকে সভাপতি করে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন এটুআই প্রোগ্রামের যুগ্ম প্রকল্প পরিচালক মোল্লা মিজানুর রহমান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব মো. শাহীনুর আলম। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে অভিযোগের বিষয়ে অনুসন্ধান-পূর্বক প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।