বিএএফ শাহীন কলেজে ‘আহনাফ দিবস’ পালনের ঘোষণা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী শাফিক উদ্দিন আহম্মেদ আহনাফ ও ইকরামুল হক সাজিদের স্মরণে ‘শ্রদ্ধাজ্ঞাপন ও দোয়া’ অনুষ্ঠিত হয়েছে। এসময় আহনাফের স্মরণে ঢাকার বিএএফ শাহীন কলেজে ‘আহনাফ দিবস’ পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) কলেজের শাহীন হলে আয়োজিত অনুষ্ঠানে এ ঘোষণা দেন বিমান বাহিনী ঘাঁটি বাশারের এয়ার অধিনায়ক ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এয়ার ভাইস মার্শাল মো. শরীফ উদ্দীন সরকার। এছাড়াও অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ ও উপাধ্যক্ষরাসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও শহিদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আহনাফ বিএএফ শাহীন কলেজ ঢাকা’র একাদশ শ্রেণির ছাত্র এবং ইকরামুল হক একই কলেজের সাবেক শিক্ষার্থী।

অনুষ্ঠানে শহিদ আহনাফ ও শহিদ সাজিদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠান শেষে শহিদ পরিবারের হাতে আর্থিক অনুদানস্বরূপ চেক হস্তান্তর করা হয়। 

456030229_440988092273968_4525589059377888455_n

অনুষ্ঠানে আহনাফের মা তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, আহনাফ সবসময় চাইতো আবু সাইদ ও মুগ্ধের মতো দেশের জন্য নিজেকে উৎসর্গ করতে। আজ এখানে ওর বন্ধুরা আছে কিন্তু আহনাফ নেই। আমার ছেলের জন্য আমার যেমন গর্ব হচ্ছে তেমনি কষ্টে বুক ফেটে যাচ্ছে।

আহনাফ ও সাজিদকে অকুতোভয় বীর উল্লেখ করে কলেজ অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কায়সুল হাসান বলেন, ভবিষ্যতে তাদের এই আত্মত্যাগ সকল শিক্ষার্থীদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার প্রেরণা যোগাবে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালীন গত ৪ আগস্ট গুলিবিদ্ধ হয়ে নিহত হয় বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির ছাত্র আহনাফ। একই দিন কলেজের সাবেক শিক্ষার্থী ইকরামুল হক সাজিদ মাথায় গুলিবিদ্ধ হয় এবং পরবর্তীতে ঢাকা সিএমএইচ-এ ১৪ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যান।