গণতন্ত্রকামী মানুষের আকাক্সক্ষাকে মূল ভিত্তি ধরে অন্তর্বর্তীকালীন সরকারকে কাজ করার পরামর্শ দিয়েছে বিএনপি। একই সঙ্গে বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত ও দোষীদের বিচার নিশ্চিত করতে একটি বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবি তুলবে দলটি। গত সোমবার রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত ও পরামর্শ এসেছে। অন্তর্বর্তী সরকারসহ চলমান রাজনৈতিক নানা পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি আগামী ১ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকী নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালনের সিদ্ধান্ত হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে প্রায় ৩ ঘণ্টা ধরে চলা বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা অংশ নেন।
বৈঠকে থাকা সূত্রগুলো জানিয়েছে, গণতন্ত্রকামী মানুষের আকাক্সক্ষাকে মূল ভিত্তি ধরে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন আয়োজন করতে বিএনপির পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে পরামর্শ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে নির্বাচন প্রশ্নে এত তাড়াতাড়ি সময়সীমা বেঁধে দিতে চায় না বিএনপি। যৌক্তিক সময় পর্যন্ত সব ধরনের সহযোগিতাও তারা সরকারকে করবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়।
বৈঠকে নেতারা বলেছেন, রাষ্ট্রের সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এটি শুরু করেছে এই সরকার, যা রাজনৈতিক মতৈক্যের ভিত্তিতে নির্বাচিত সরকারই আগামী দিনে এগিয়ে নেবে। বৈঠকে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে আলোচনা হয়েছে। দলটি এই হত্যাকাণ্ডের পুনঃতদন্ত ও দোষীদের বিচার নিশ্চিত করতে একটি বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবি তুলে ধরবে।
এদিকে গতকাল মঙ্গলবার লন্ডন থেকে এক ভিডিও বার্তায় তারেক রহমান বলেছেন, ‘গণ-অভ্যুত্থানের চেতনা ও লক্ষ্য সুসংহত করতে হলে বিতাড়িত গণবিরোধী শক্তিকে আইনের মুখোমুখি করার পাশাপাশি জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা জরুরি। জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের প্রধান হাতিয়ার হচ্ছে প্রতিটি নাগরিকের ভোট প্রয়োগের অধিকার নিশ্চিত করা। ’
তিনি বলেন, ‘গণহত্যাকারী হাসিনার দেশ ছাড়ার মধ্য দিয়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসানের পথ উন্মুক্ত হয়েছে। তাই দেশে জবাবদিহিমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার এখনই সময়। গত ১৫ বছর ধরে গণতন্ত্রকামী মানুষ আন্দোলন-সংগ্রাম অব্যাহত রেখেছিল। আন্দোলন করতে গিয়ে এই সময়ে অসংখ্য মানুষ গুম, খুন, অপহৃত, চিরতরে পঙ্গু হয়েছেন। গণ-অভ্যুত্থানের সাফল্য ও উদ্দেশ্য নস্যাৎ করে দিতে সুপরিকল্পিত ষড়যন্ত্র চলছে। পরাজিত অপশক্তি থেমে নেই।’