আরও ৩ হাজার ৬৯৬ জনের বিরুদ্ধে মামলা

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের গুলিতে নিহতের ঘটনায় দেশের বিভিন্ন স্থানে মামলা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে ৩ হাজার ৬৯৬ জনকে। মামলায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের আসামি করা হয়েছে। এদিকে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে নারায়ণগঞ্জের একটি আদালত। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

চট্টগ্রাম : শহীদুল ইসলাম (৩৭) নামে এক সিএনজি অটোরিকশা চালককে গুলি করে হত্যার অভিযোগে নগরের চান্দগাঁও থানায় মামলা হয়েছে। এতে চট্টগ্রাম মহানগর যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের সেই ৮ জনকে আসামি করা হয়েছে। সোমবার রাতে শহীদুলের ভাই শফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। 

রাজশাহী : ইসলামী ছাত্রশিবিরের নেতা আলী রায়হানকে (২৮) হত্যার ঘটনায় রাজশাহী সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনসহ ৫০ জনের নাম উল্লেখসহ আরও এক হাজার থেকে ১২শ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। সোমবার রাতে রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানায় এ মামলা করেন নিহতের ভাই রানা ইসলাম।

হাকিমপুর (দিনাজপুর) : শিক্ষার্থী সূর্য ও নাঈম হত্যার ঘটনায় দিনাজপুর-৬ আসনের সাবেক এমপি শিবলী সাদিক, হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত সূর্যের ভাই মামলাটি করেন।

বাঁশখালী (চট্টগ্রাম): চট্টগ্রামের বাঁশখালীর সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের মোস্তাফিজুর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল গফুরসহ ৮ জনের বিরুদ্ধে বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়েছে।

কুমিল্লা : সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র ডাক্তার তাহ্সীন বাহার সূচনাকে প্রধান আসামি করে আওয়ামী লীগের ২২৫ জন নেতার নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করে আরও একটি মামলা হয়েছে।

শিবালয় (মানিকগঞ্জ) : শিবালয় উপজেলার রূপসা গ্রামের রহিজ উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (২১) পাটুরিয়া ঘাটে পুলিশের গুলিতে নিহতের ঘটনায় ৪৯ জনের নাম উল্লেখ করে থানায় মামলা হয়েছে। অজ্ঞাত আসামি ২০০ জন ।

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক এমপি আব্দুল মমিন ম-লসহ ৩৩ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৫০০ থেকে ৭০০ জনের বিরুদ্ধে এনায়েতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

মুন্সীগঞ্জ : রিয়াজুল ফরাজী (২৮) নিহতের ঘটনায় মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হাজি মো. ফয়সাল বিপ্লবকে প্রধান আসামি করে অন্তত ৫০০ জনের নামে হত্যা মামলা করা হয়েছে। সোমবার রাত ১টার দিকে সদর থানায় এ মামলা দায়ের করেন নিহতের স্ত্রী রুমা বেগম। দায়ের করা মামলায় অন্তত ৭ জন জনপ্রতিনিধি রয়েছেন।

নারায়ণগঞ্জ : সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে নারায়ণগঞ্জের একটি আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. কাউসার আলম এই পরোয়ানা জারি করেন।

ফরিদপুর : পৌরসভার সদ্য সাবেক মেয়র অমিতাভ বোস, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শামচুল আলম চৌধুরী, ইউপি চেয়ারম্যান মোফাজ্জেল হোসেন, পৌর কাউন্সিলরসহ ৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটি দায়ের করেন কোতোয়ালি থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর সরদার নামের এক ব্যক্তি। আদালত মামলাটি আমলে নিয়ে তা নথিভুক্ত করতে কোতোয়ালি থানাকে আদেশ দিয়েছে।

কক্সবাজার : সাবেক হুইপ সাইমুম সরওয়ার কমল ও সাবেক এমপি আশেক উল্লাহ রফিকসহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ৩২ জনের নাম উল্লেখ করে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

পঞ্চগড় : সদ্য অপসারিত পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এস শাহনেওয়াজ প্রধান শুভসহ ১১ জনের বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

ফেনী : ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে প্রধান করে ফেনী-১ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীসহ ১৫১ জন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ অজ্ঞাত ১৫০ জনকে আসামি করা হয়েছে। এ নিয়ে ফেনীতে ছয়টি হত্যা মামলা করা হয়েছে।