বরিশাল ও খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ

শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়া। গতকাল মঙ্গলবার ১২টার দিকে তিনি পদত্যাগ করেন। এ ছাড়া প্রক্টর, আবাসিক শিক্ষক পরীক্ষা নিয়ন্ত্রকসহ বিভিন্ন পদে আরও ১৯ জন পদত্যাগ করেছেন। এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন ব্যক্তিগত কারণ দেখিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়া ছাড়া আর যারা পদত্যাগ করেছেন, তারা হলেন প্রক্টর ড. আবদুল কাইউম, সহকারী প্রক্টর মো. গাজীউর রহমান, ড. মোহাম্মদ মাহফুজ আলম, মো. ফরহাদ উদ্দীন, শাওন মিত্র, মো. সাইফুল ইসলাম, পম্পা রানী মজুমদার, পরীক্ষা নিয়ন্ত্রণক ড. মোহাম্মদ সাখাওয়াত হোসেন, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট ড. তারেক মাহমুদ আবীর, শেরেবাংলা হলের প্রভোস্ট ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট ড. হেনা রানী বিশ্বাস, শেখ হাসিনা হলের প্রভোস্ট ড. ইসরাত জাহান, টিএসসির পরিচালক ড. রহিমা নাসরিন, শারীরিক শিক্ষা অফিস পরিচালক সৈয়দ আশিক-ই-ইলাহী, পরিবহন পুলের ম্যানেজার মো. মিজানুর রহমান, শেরেবাংলা হলের আবাসিক শিক্ষক আবদুল্লাহ আহমেদ ফয়সাল, মোহাম্মদ সাকিবুল হাসান ও বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষক মো. কবির হাসান।

এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ও ব্যক্তিগত কারণ দেখিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। গতকাল দুপুরে খুলনা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের সচিব এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব বরাবর প্রেরিত পত্রে পদত্যাগ করেন। একই সঙ্গে পদত্যাগ করেছেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা ও ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী।