ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে গাজীপুর, শেরপুর, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও নারায়ণগঞ্জের রূপগঞ্জসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। গতকাল মঙ্গলবার এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে বক্তারা হামলায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, নাগরিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সোমবার দুপুরে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের মিডিয়া কমপ্লেক্সে হামলা চালায় দুর্বৃত্তরা। তারা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এ কমপ্লেক্সে বেশ কয়েকটি গণমাধ্যমের কার্যালয় রয়েছে।
গাজীপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন ভাওয়ালগড় বাঁচাও আন্দোলনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খন্দকার হাছিবুর রহমান। সাংবাদিক রিপন আনসারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন গাজীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি খায়রুল ইসলাম, সময় টিভির সাংবাদিক মো. রাজিবুল হাসান, গাজীপুর সদর প্রেস ক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, ডেইলি স্টারের সাংবাদিক মনজুরুল হক, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ এসএম হাবিবুর রহমান হাবিব প্রমুখ।