ছাত্রদের নেতৃত্বে গত জুলাই-আগস্টে সংঘটিত বিপ্লবে অংশগ্রহণকারী আহত ও নিহতদের পরিবার এবং আহতদের দেখভালের জন্য ফাউন্ডেশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। যার নেতৃত্বে থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ ফাউন্ডেশনে প্রধান উপদেষ্টার সঙ্গে সরকারের কয়েকজন উপদেষ্টা, ছাত্র প্রতিনিধি এবং নিহত ও আহতদের পরিবারের সদস্যরা থাকবেন। গতকাল প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, ‘স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতা, যারা তাদের জীবন উৎসর্গ করেছেন এবং গুরুতর আহত হয়েছেন, আমরা তাদের আত্মত্যাগকে কখনো ভুলতে পারব না। তাদের পাশে দাঁড়ানো আমার কর্তব্য এবং আমাদের জাতীয় দায়িত্বও বটে। আহত ও নিহতদের পরিবারের সদস্যদের দেখভালের জন্য যা যা প্রয়োজন আমরা তার সবকিছুই করব।’
শিগগিরই ফাউন্ডেশনের কার্যপ্রণালি ঘোষণা করা হবে উল্লেখ করে ফাউন্ডেশন পরিচালনায় প্রবাসীসহ সব দেশবাসীকে সহযোগিতা করার আহ্বান জানান ড. ইউনূস।