ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত গণতন্ত্রের প্রতি তার অঙ্গীকার রক্ষা করছে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘দুর্ভাগ্য আমাদের, ‘আজকে পাশর্^বর্তী দেশ ভারত তাকে (শেখ হাসিনা) আশ্রয় দিয়েছে। সেখান থেকে তিনি আবার বাংলাদেশের ছাত্র-জনতার বিপ্লবকে নস্যাৎ করার বিভিন্ন চক্রান্ত শুরু করেছেন। ভারতের কাছে আমাদের আহ্বান থাকবে, তাকে আইনানুগভাবে বাংলাদেশ সরকারের কাছে তুলে দেন। দেশের মানুষ যে সিদ্ধান্ত নিয়েছে, তার বিচার করার, সেই বিচারের সম্মুখীন তাকে হতে দেন।’
গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর মির্জা ফখরুল সাংবাদিকদের এসব কথা বলেন। দলের স্থায়ী কমিটির দুই নতুন সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ ও অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনকে নিয়ে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন তিনি।
সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়ার বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমরা নির্বাচন নিয়ে আমাদের বক্তব্য আগেও বলেছি, এখনো বলছি, এই গণ-অভ্যুত্থানের পর বিপ্লবের মধ্য দিয়ে এই অন্তর্বর্তী সরকার এসেছে। তাদের প্রধান কাজ হচ্ছে, এই অবাধ, সুষ্ঠু নির্বাচন করে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দেওয়া। সেই সময় অবশ্যই এদেশের মানুষ তাদের দেবে।’