পিএফএ'র বর্ষসেরা ফোডেন

ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার ফিল ফোডেন জিতেছেন প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশনের (পিএফএ) বর্ষসেরা ফুটবলারের পুরস্কার।

পিএফএ অ্যাওয়ার্ড আয়োজনে মঙ্গলবার রাতে ঘোষণা করা হয় বিজয়ীর নাম। এর আগে ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরাও হয়েছিলেন ফোডেন।

গেল মৌসুমে ম্যানচেস্টার সিটির রেকর্ড টানা চতুর্থ প্রিমিয়ার লিগ জয়ে দারুণ অবদান ছিল ফোডেনের। সব প্রতিযোগিতা মিলিয়ে সিটির হয়ে ৫৩ ম্যাচে ২৭ গোল করেন ফোডেন। ২৪ বছরের ফোডেন গেল মৌসুমে প্রিমিয়ার লিগ ছাড়াও জেতেন উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ।

ফোডেন বলেন, 'এই পুরস্কার জয় করা আমার কাছে স্পেশাল কিছু এবং এজন্য আমি গর্বিত ও কৃতজ্ঞ। সহকর্মীদের ভোটে এই ধরনের স্বীকৃতি পাওয়ার মানে সবকিছুই পেয়ে যাওয়া। আমাকে ভোট দেওয়া সবাইকে ধন্যবাদ জানাই।'

গত বছর আর্লিং হালান্ড জিতেছিলেন এই পুরস্কার। এবার সেরার লড়াইয়ে ফোডেন পেছনে ফেলেছেন সতীর্থ হালান্ড ও রদ্রি, চেলসির কোল পালমার, আর্সেনালের মার্টিন ওডেগোর ও অ্যাস্টন ভিলার ওলি ওয়াটকিন্সকে।

সেরা তরুণ ফুটবলারের পুরস্কার জিতেছেন চেলসির কোল পালমার। প্রিমিয়ার লিগে গত মৌসুমে ৩৪ ম্যাচে ২২ গোল করেন তিনি।