ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। এরপর থেকে এখনো ভারতেই অবস্থান করছেন তিনি।
শেখ হাসিনার সরকার পতনের পর গত ৮ আগস্ট শপথের মাধ্যমে দেশের দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। যার প্রধান উপদেষ্টা হয়েছেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সম্পর্ক বিদ্যমান জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজের প্রতীক্ষায় রয়েছে বলছে দপ্তরটি।
গতকাল মঙ্গলবার (২০ আগস্ট) সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার।
ব্রিফিংয়ে অন্তর্বর্তী সরকারের অধীনে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা এবং যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে কোনও ধরনের সহযোগিতা বা যোগাযোগ হচ্ছে কিনা এমন প্রশ্ন করেন এক সাংবাদিক।
সাংবাদিকের প্রশ্নের জবাবে প্যাট রাইডার বলেন, ‘বাংলাদেশের সাথে আমাদের প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে। অবাধ ও মুক্ত ইন্দো-প্যাসিফিকের মতো বিষয়কে সামনে রেখে দুই দেশের যৌথ মূল্যবোধ ও অভিন্ন স্বার্থকে প্রধান্য দিয়ে কাজ করার অপেক্ষায় রয়েছি আমরা। তবে এই মুহূর্তে নির্দিষ্ট কোনও যোগাযোগ বা সহযোগিতার বিষয়ে বলার মতো কিছু নেই।‘
তিনি আরও বলেন, বাংলাদেশ সরকারের সাথে সম্পর্কিত বিষয়ে, আমরা অবশ্যই মানবাধিকারের সুরক্ষা এবং যেকোনও সহিংসতা এড়ানোর প্রত্যাশা করব।
এ সময় তিনি যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের ব্যাপারে বিস্তারিত জানতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রাখার আহ্বান জানান।