বৃষ্টি উপেক্ষা করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ডা. জামাল উদ্দিন ভুঁইয়ার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। সাত দফা দাবিতে আজ বুধবার (২১ আগস্ট) সকাল সাড়ে দশটায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
পরে শিক্ষার্থীরা মিছিল নিয়ে ক্যাম্পাসের মূল সড়ক প্রদক্ষিণ করে। এসময় তারা ভিসি জামাল উদ্দিন ভূঁইয়াকে দূর্নীতিবাজ আখ্যা দিয়ে তার কুশপুত্তলিকা জ্বালিয়ে প্রতিবাদ করেন এবং পদত্যাগের দাবি জানান।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, স্বৈরাচারের দোসর জামাল উদ্দিন ভূঁইয়া এখনো পদত্যাগ না করে নানান ষড়যন্ত্রে লিপ্ত আছেন। সাধারণ শিক্ষার্থীদের আড়ালে তিনি কিছু ছাত্রলীগ নেতাকে ব্যবহার করে ক্যাম্পাসে আসতে চাচ্ছেন এবং দুর্নীতির নথিপত্র লুকিয়ে ফেলার পরিকল্পনা করছেন বলে আমরা জানতে পেরেছি। আমরা শিক্ষার্থীরা এটি কখনো হতে দিবো না। এই বিশ্ববিদ্যালয়ে কোন দুর্নীতি বাস্তবায়ন হতে হলে আমাদের লাশের উপর দিয়ে যেতে হবে।
তারা আরও বলেন, আন্দোলনের শুরুতে অনেকে আমাদের ব্যাপারে প্রশ্ন তুলেছেন। আমরা আমাদের সম্পর্কে পরিষ্কার বিবৃতি দেয়ায় শিক্ষার্থীরা আশ্বস্ত হয়েছে। আমরা আন্দোলনের শুরু থেকে সবাইকে ডেকেছি এবং বলেছি যারাই আন্দোলনে আসবে তারা সবাই সমন্বয়ক। কিন্তু আমরা দেখছি কিছু ছাত্রলীগের পোস্টেড নেতাকর্মী সাধারন শিক্ষার্থীদের মাঝে এখনো বিভ্রান্তি ছড়াচ্ছে। তবে শিক্ষার্থীরা বিভ্রান্তকারীদের উদ্দেশ্য বুঝে গিয়েছে এবং আমাদের সাথে আন্দোলনে যোগ দিয়েছে। আমরা তাদের সাধুবাদ জানাই।
শিক্ষার্থীরা জানান, সাত দফা দাবি নিয়ে তারা বেশ কয়েকদিন ধরেই আন্দোলন করছেন। এর প্রেক্ষিতে ডিন কাউন্সিলের জরুরি সভার একটি দাবির মধ্যে ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়া হলেও ভিসি পদত্যাগ না করায় ও সিন্ডিকেট সভা অনুষ্ঠিত না হওয়ার দাবি পূরন ও শ্রেণী কার্যক্রম আটকে আছে। অবিলম্বে ভিসির পদত্যাগসহ সব দাবি আদায় করে ক্লাসে ফিরতে চান শিক্ষার্থীরা।