গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মজিবুর রহমানকে পুনরায় স্বপদে বহালের দাবি জানিয়েছে নাগরিক সমাজ। বুধবার (২১ আগস্ট) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার চন্দ্রা ত্রি-মোড়ে এ বিক্ষোভ সমাবেশে এ দাবি করেন তারা।
সমাবেশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর পৌরসভা গঠিত হওয়ার পর একাধিকবার পৌর মেয়র নির্বাচিত হন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মজিবুর রহমান। মেধা ও শ্রম দিয়ে টানা ২০ বছর দায়িত্ব পালনকালে তিনি পৌরসভাকে প্রথম শ্রেণিতে উন্নতিকরণসহ ব্যাপক উন্নয়ন করেন। নাগরিক সেবা নিশ্চিত করাসহ সামাজিক উন্নয়নের ভূমিকা রেখে প্রশংসিত হয়েছেন মানবিক মেয়র মজিবুর রহমান। কিন্তু গত ১৮ আগস্ট স্থানীয় সরকার বিভাগ হঠাৎ করে সারাদেশের সব মেয়রকে অপসারণ করেন। এ ঘটনায় বুধবার সকালে মানবিক পৌর মেয়র মজিবুর রহমানকে পুনরায় স্বপদে বহালের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার চন্দ্রা ত্রিমোড়ে মিছিল ও সমাবেশ করেন নাগরিক সমাজ।
সমাবেশে উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌর, উপজেলা ও ইউনিয়নের নাগরিক, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এসময় তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে মানবিক ব্যক্তিত্ব মজিবুর রহমানকে পুনরায় স্বপদে বহালের দাবি জানান। এছাড়াও সারা দেশে ১৩ জন বিএনপির মেয়রকে পুনর্বহালের দাবিও জানান তারা।
রিয়াজ উদ্দিনের সভাপতিত্ব ও এম এরশাদের সঞ্চালনায় সমাবেশে নাগরিক সমাজের পক্ষে বক্তব্য রাখেন হযরত আলী মিলন, সামসুল আলম সরকার, সাইজুদ্দিন, সারোয়ার হোসেন আকুল, আমজাদ হোসেন, হারুন অর রশিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক শিহাব, ইশরাকসহ আরো অনেকে।