নতুন এক সংকটের মুখোমুখি হয়েছে পাকিস্তানের পার্লামেন্ট। তবে এটি কোনো রাজনৈতিক সংকট নয়। দেশটির পার্লামেন্টে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে বিশালাকার একদল ইঁদুর। রাতভর দৌড়ঝাঁপ ও পার্লামেন্টের গুরুত্বপূর্ণ নথি নষ্ট করে ফেলছে তারা। সোমবার (১৯ আগস্ট) পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সম্প্রতি পার্লামেন্টের আনুষ্ঠানিক একটি কমিটি ২০০৮ সালের বিভিন্ন বৈঠকের কাগজপত্র দেখতে চায়। নথিগুলো সংগ্রহ করার পর দেখা যায়, এর বড় অংশই ইঁদুরে কাটা। এরপরই সমস্যাটি বড় আকারে সবার সামনে আসে।
ইঁদুরগুলো উৎপাত বেশিরভাগ ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় দেখা যাচ্ছে। সেখানে সিনেটের বিরোধী দলের নেতার কার্যালয়ের অবস্থান। এ ছাড়া রাজনৈতিক দল এবং স্থায়ী কমিটির বেশির ভাগ সভা ওই তলাতেই হয়ে থাকে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, সেখানে একটি খাবারের হলও আছে। সাধারণত দিনের বেলায় মানুষের চলাচলের সময় ইঁদুরগুলোকে দেখা যায় না। লোকজন দিনের কাজ সেরে চলে যাওয়ার পরই এগুলো বেরিয়ে আসে।
এদিকে ইঁদুর ধরতে শিকারি বিড়াল নিয়োগের জন্য ১২ লাখ রুপি বরাদ্দ করেছে কর্তৃপক্ষ। প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, সোমবার এই প্রকল্পটি অনুমোদিত হয়েছে।
ইঁদুরের উৎপাত ঠেকাতে ইতিমধ্যে দেশটির পার্লামেন্ট কর্তৃপক্ষ পেস্ট কন্ট্রোল কোম্পানির খোঁজ চেয়ে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছে।
ন্যাশনাল অ্যাসেম্বলির মুখপাত্র জাফর সুলতান বিবিসিকে বলেন, ‘এই মেঝেতে ইঁদুর এত বড় যে এমনকি বিড়ালও তাদের ভয় পায়।’
ন্যাশনাল অ্যাসেম্বলির এক কর্মকর্তা জানান, রাত হলে ইঁদুরগুলো ম্যারাথনের মতো দৌড়াদৌড়ি করে। পুরনো রক্ষীরা এতে অভ্যস্ত হয়ে উঠলেও নতুন নিয়োগপ্রাপ্তরা আতঙ্কে থাকে।