পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে আকাশের দিকে তাকিয়ে থেকে সাকিব আল হাসান যখন বৃষ্টি থামার প্রতীক্ষারত। দেশের ভেতরে বদলে গেছে অনেককিছু। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে পরিচালক মনোনীত হওয়ার পর বিসিবির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সাবেক জাতীয় অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ। ক্রীড়া পরিষদেরর সভা শেষে এসে যোগ দেন বিসিবি কার্যালয়ে। সেখানে অনেক কিছু নিয়ে কথা বলার ফাঁকে উঠে আসে সাকিবের প্রসঙ্গও।
রাজনৈতিক পরিচয়ের কারণেই প্রধানস আলোচনায় সাকিব। গত নির্বাচনে আওয়ামী লীগ থেকে মাগুরা-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। গণআন্দোলন চলাকালে ছিলেন একেবারেই নীরব। দেশের রাজনৈতিক পালা বদলের পর ক্রিকেটার মাশরাফী বিন মুর্তজার বাড়ি পুড়িয়ে দিয়েছিল দুর্বৃত্তরা। কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলার সময় সমর্থকদের সঙ্গেই তর্কে জড়িয়ে সামলোচনার জন্ম দিলেও দেশে না ফেরায় পটপরিবর্তনের কিছুই দেখতে হয়নি সাকিবকে।
দায়িত্বের প্রথম দিন বুধবার মিরপুর স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এসে সাকিবের প্রসঙ্গে ফারুক আহমেদ বলেন, ‘তার ব্যাপারে আমাদের বোর্ডের সঙ্গে আলোচনা করবো। সাকিব এখন যে স্টেজে আছে, সে এভাবে চালিয়ে যেতে পারে কি না সেটা দেখবো। এখানে বোর্ডের কিছু পলিসি আছে। সেগুলো নিয়ে আলাপ করতে হবে। অবশ্যই দুটি টেস্ট ম্যাচ (পাকিস্তান সিরিজ) আছে, তার ওপর অনেক কিছু নির্ভর করে। পলিসি যদি থাকত, যদি সাকিবকে বলা হতো তুমি খেলো না, তখন সেটা বোর্ডের ওপর যেত। আরেকটা ব্যাপার আছে, সে বাইরে থেকে ঘুরে ঘুরে খেলতে পারবে কি না, এটা গুরুত্বপূর্ণ ইস্যু। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গেই দেখব।’
পাকিস্তান সিরিজে দলে রাখার আগে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছিলেন চলতি মৌসুমে আটটি টেস্টেই খেলার প্রতিশ্রুতি নেওয়া হয়েছে সাকিবের কাছ থেকে। সে অনুযায়ী মেধার ভিত্তিতেই পাকিস্তান সিরিজের দলে সুযোগ পান সাকিব। কানাডা থেকে যোগ দেন পাকিস্তানে। বাংলাদেশের পরের সিরিজ ভারতে। কিন্তু এর পরেই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজ। নতুন সভাপতি ফারুক আহমেদের আমলে সাকিবের ভবিষ্যত কী হয়, সেটিই এখন দেখার বিষয়।