বরিশাল ক্লাবে হামলা, ভাঙচুর এবং লুটপাটের ঘটনার ১৬ দিন পর মামলা হয়েছে। গত মঙ্গলবার রাতে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন ক্লাবের সম্পাদক মজুমদার হাসান জাকারিয়া মান্না। মামলায় অজ্ঞাত এক হাজার জনকে আসামি করা হয়েছে।
বুধবার (২১ আগস্ট) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, বরিশাল ক্লাবে হামলা এবং লুটপাটের ঘটনায় এক হাজার জন অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা হয়েছে।
মামলায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে অনধিকার প্রবেশ করে এক কোটি ৫০ লাখ টাকার ক্ষতিসাধন ও নগদ ১০ লাখসহ দুই কোটি টাকার মালামাল লুট করার অভিযোগ আনা হয়েছে।
এজাহারে দাবি করা হয়েছে, অজ্ঞাতনামারা কমিউনিটি হল, গার্ডরুম, ক্যাফটেরিয়া, শওকত হোসেন হিরণ গেস্ট হাউজ, বার, কনভেনশন হল, টেনিস প্লে গ্রাউন্ড, বিলিয়ার্ড ও জিমে হামলা ভাঙচুর করেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর গত ৫ আগস্ট বিকেলে বিক্ষুব্ধ মানুষ ক্লাবে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছিল।