মিমিকে প্রকাশ্যে হুমকি

নারীদের নিরাপত্তা নিয়ে একাধিক দাবিতে যখন উত্তাল পশ্চিমবঙ্গের রাজপথ, ঠিক তখন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে ধর্ষণের হুমকি পেলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। ইতিমধ্যেই বিষয়টাকে সামনে এনে প্রতিবাদের সুর চড়িয়েছেন অভিনেত্রী নিজে। মিমি চক্রবর্তী তাকে হুমকি দেওয়ার একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে ক্ষোভ, হতাশা প্রকাশ করলেন।  হুমকি দেওয়া সেই অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘মিমি শুধু একটা মেয়ে বলে তার জন্য খারাপ ভাষা ব্যবহার করতে পারছি না। আজ যদি এই ঘটনা মিমির সঙ্গে ঘটত তাহলে কী করতিস? মিমির পরিবারকেও ১০ লাখ টাকা দিতিস নাকি? তাহলে মিমিকে আমার ঘরে পাঠিয়ে দিস আমি দিয়ে দেব ১০ লাখ ওর পরিবারকে।’ আক্ষেপ প্রকাশ করে মিমি লেখেন, ‘এর জন্যই কি ন্যায়বিচার চেয়ে লড়ছি আমরা।’ তবে শুধু আক্ষেপ প্রকাশ করে থেমে থাকার পাত্রী নন তিনি। মিমি বলেন, ‘আমি ইতিমধ্যেই সাইবার অপরাধ দমন শাখায় অভিযোগ জানিয়েছি। কথায় কথায় ধর্ষণের হুমকি! এর শেষ দেখে ছাড়ব আমি।’