যুবদল নেতা নবীন তালুকদার হত্যা মামলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েলের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
গতকাল বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীম জামিনের আবেদন নাকচ করে দিয়ে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক নাজমুল হাসান তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। গত মঙ্গলবার রাতে সোহায়েলকে বনানী থেকে ও আহমদ হোসেনকে গুলশান এলাকা থেকে আটক করে ডিএমপি গোয়েন্দা বিভাগ।
গতকাল পল্টন থানার যুবদল নেতা নবীন তালুকদার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। সোহায়েল ২০১০ সালে দুই বছরের জন্য র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক ছিলেন। দুর্নীতি, জোরপূর্বক আটকে রেখে নির্যাতন, হত্যা, গুমসহ বিভিন্ন অভিযোগ ওঠার পর গত সোমবার সোহায়েলকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। ঠিক এর একদিন পর তাকে গ্রেপ্তার করা হয়। আহমদ হোসেনের নির্দেশে যুবদল নেতা নবীন তালুকদারকে হত্যা করা হয়েছে বলে রিমান্ড প্রতিবেদনে উল্লেখ করা হয়।