বিপুর অফিস থেকে কোটি টাকা ও অস্ত্র উদ্ধার

রাজধানীর বনানীতে সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর মালিকানাধীন হামিদ গ্রুপের অফিস ভবনে অভিযান চালিয়ে নগদ টাকা ও বিদেশি মুদ্রা মিলিয়ে এক কোটি টাকা এবং একটি অস্ত্র ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গত মঙ্গলবার মধ্যরাত থেকে গতকাল বুধবার দুপুর ২টা পর্যন্ত প্রিয় প্রাঙ্গণ নামে ভবনটির দ্বিতীয় তলায় এ অভিযান চলে।

ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার রিয়াজুল হক বলেন, অভিযোগের ভিত্তিতে ওই অফিসে অভিযান চালান হয়। অভিযানে এসে জানা গেছে এটি সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর মালিকানাধীন প্রতিষ্ঠান। অভিযানে নগদ টাকা ও বিদেশি মুদ্রা মিলিয়ে এক কোটি টাকা উদ্ধার হয়। এ ছাড়া  একটি অস্ত্র ও ৫০ রাউন্ড গুলি পাওয়া গেছে। এ ছাড়া হামিদ গ্রুপের অফিসের ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস রুম থেকে প্রায় ১০ লাখ টাকা, ২০০ তুর্কি মুদ্রা পাওয়া গেছে। অভিযানে ভবনের অন্যান্য ফ্লোরে থাকা অফিস কক্ষের দরজার তালা ভাঙা এবং মালামাল তছনছ অবস্থায় পাওয়া যায়।

পুলিশের লুট হওয়া ১২৩৪ অস্ত্র উদ্ধার : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে থানা ও ফাঁড়িতে হামলার পর অস্ত্র ও গোলাবারুদ লুট করে নেয় দুর্বৃত্তরা। এসব অস্ত্র ও গোলাবারুদের মধ্যে সারা দেশ থেকে বিভিন্ন ধরনের ১ হাজার ২৩৪টি অস্ত্র ও ২২ হাজার ২৬০টি গুলি এবং টিয়ার শেল উদ্ধার করা হয়েছে বলে গতকাল বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।