লেবাননের অভ্যন্তরে ইসরায়েলি হামলার পর পাল্টা ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমিতে কয়েক ডজন রকেট হামলা চালিয়েছে লেবাননভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। ইরান সমর্থিত গ্রুপটি জানিয়েছে, তারা গোলান মালভূমিতে ইসরায়েলি সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে।
হিজবুল্লাহর রকেট গোলান মালভূমিতে দুটি বাড়িতে আঘাত হেনেছে এবং একজন আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। খবর বিবিসি।
আইডিএফ জানিয়েছে, লেবানন থেকে প্রায় ৫০টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছিল এবং কিছু কাতজরিনের বসতিতে আঘাত হেনেছে।
এর আগে বুধবার, লেবাননের উত্তর বেকা উপত্যকায় হিজবুল্লাহর বেশ কয়েকটি অস্ত্র গুদামে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এর বিমান আঘাত হানে। এছাড়া বেইত লিহের দক্ষিণ সীমান্ত গ্রামে একজন হিজবুল্লাহ যোদ্ধাকে লক্ষ্যবস্তু করেও হামলা চালায় আইডিএফ।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বেকা অঞ্চলে ইসরায়েলি হামলায় একজন নিহত হয়েছে, যার পরিচয় জানা যায়নি, এবং আহত ৩০ জনের মধ্যে নয়জন শিশুও রয়েছে।
অন্যদিকে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের বৃহত্তম ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল ফাতাহের সামরিক শাখার কমান্ডার খলিল আল-মাকদাহ নিহত হয়েছেন। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের চালানো ড্রোন হামলায় প্রাণ হারান তিনি।
ইসরায়েলের দাবি, নিহত এই কমান্ডার ইরানের বিপ্লবী গার্ডের পক্ষে কাজ করছিল এবং দখলকৃত পশ্চিম তীরে হামলা পরিচালনা ও অস্ত্র পাচারের সাথে জড়িত ছিল।
গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এটি ফাতাহ সদস্যের উপর প্রথম হামলা এবং প্রথন প্রাণহানি। এই ঘটনায় ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে আন্তঃসীমান্ত শত্রুতা আরও বৃদ্ধির শংকা দেখা দিয়েছে।
এদিকে লেবাননের সাথে ইসরায়েলের সীমান্ত হামলার কারণে এ পর্যন্ত লেবাননে ৫৩০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে, যদের মধ্যে কমপক্ষে ১৩০ জন লেবাননের বেসামরিক নাগরিক। এছাড়া ইসরায়েলে ২৬ জন বেসামরিক নাগরিক সহ ৪৯ জন নিহত হয়েছে। দুই পক্ষের সংঘর্ষে সীমান্তের উভয় পাশে প্রায় দুই লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।