কুমিল্লায় বন্যায় তিন জনের মৃত্যু 

কুমিল্লায় গত কয়েক দিনের টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢালে মাছ ধরে ও বজ্রপাতে তিন জনের মৃত্যু হয়েছে। বুধবার (২১ আগস্ট) সকালে ও রাতে তাদের মৃত্যু হয়।

জানা যায়, কুমিল্লার নাঙ্গলকোটে বুধবার (২১ আগস্ট) রাত ৯ টার দিকে বাড়ির গাঘৈর খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে কেরামত মিয়া মজুমদার (৫০) নামের বৃদ্ধের মৃত্যু হয়েছে। পৌর সদরের দাউদপু্র গ্রামের তার বাড়ি।

এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকি বলেন, ’দাউদপুর গ্রামে একজনের মৃত্যুর খবর শুনেছি। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।’

অপরদিকে জেলার চৌদ্দগ্রামে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে মাথার ওপর গাছ পড়ে শাহাদাত হোসেন (৩৪) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। বুধবার (২১ আগস্ট) সকালে উপজেলার পৌর এলাকার সোনাকাটিয়া পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। তিনি পূর্ব পাড়ার কানু মিয়ার ছেলে। তিনি দুবাইপ্রবাসী ছিলেন।

এ বিষয়ে নিহতের চাচাতো ভাই জসিম উদ্দিন বলেন, ‘শাহাদাত হোসেন কিছুদিন আগে দুবাই থেকে ছুটিতে দেশে আসেন। গত কয়েক দিনের টানা বৃষ্টিতে এলাকা প্লাবিত হয়েছে। এলাকাবাসী বিভিন্ন স্থানে জাল দিয়ে মাছ ধরছে। শাহাদাত বুধবার সকালে বাড়ির পাশের একটি কালভার্টের সামনে জাল দিয়ে মাছ ধরতে যায়। সোয়া ৯টার দিকে হঠাৎ পাশের একটি গাছের ডাল ভেঙে শাহাদাতের মাথার ওপর পড়ে। এ সময় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।’

জেলার মুরাদনগর উপজেলায় বজ্রপাতে আমেনা বেগম মুহুনী (৫২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার রামচদ্রপুর দক্ষিণ ইউনিয়নের পাঁচকিত্তা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের গ্রামের লাহু মিয়ার স্ত্রী।

নিহতের পরিবার জানায়, বুধবার সকালে কাজের জন্য ঘর থেকে বের হয়ে আমেনা বেগম উঠানে যায়। এ সময় হঠাৎ বজ্রপাতের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাশ চন্দ্র ধর বলেন, ‘সকালে রামচদ্রপুরে বজ্রপাতে আমেনা বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে যায়। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’