গোমতীর পানি বৃদ্ধিতে আতঙ্কে তিতাসের মানুষ

অব্যাহত ভারি বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে কুমিল্লার গোমতী নদী। এতে জেলার তিতাস ও দাউদকান্দি উপজেলার নদী পাড়ে বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়ছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, তিতাস উপজেলার ভিটিকান্দি, নারান্দিয়া ও কলাকান্দি ইউনিয়নের কয়েকটি গ্রাম তলিয়ে যাচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় আশ্রয় কেন্দ্র যাওয়া জন্য বলা হয়েছে। ইউনিয়নগুলোর বাসিন্দারা আতঙ্কে আছেন ।

ভিটিকান্দি ইউনিয়নের রতনপুর গ্রামের মোঃ হানিফ মিয়া বলেন, গতকাল বুধবার (২১ আগস্ট) রাত থেকে আমাদের ঘুম নাই। ফসল পানিতে ডুবে যাচ্ছে । ঘরবাড়িতে পানি উঠেছে। অনেক বাড়িতে চুলা ডুবে গেছে। রান্না করতে পারেনি।

তিনি আক্ষেপ করে বলেন, রতন গ্রামের সরকারি খালটি ভরাট করে ভাগ করে নিয়ে ঘর-বাড়ি তুলে দখল করেছে কিছু লোক। এই খালটি থাকলে হয়তো আজকে আমাদের বাড়ীতে পানি উঠতো না। খাল দিয়ে পানি তিতাস নদীতে চলে যেত।

বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুর পর্যন্ত ভিটিকান্দি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটির সামনের খোলা অংশে পানিতে ডুবে গেছে ।

বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের পানিবন্দি মানুষদের সহযোগিতায় কাজ করতে দেখা গেছে। দাসকান্দি বাজারে ‘তিতাস মুক্ত স্কাউট গ্রুপ’ এর সদস্য নয়ন সূত্রধর বলেন, আমাদের টিমের ৩০-৩৫ জন কাল রাত থেকেই আমরা কাজ করছি। যাদের বাড়িতে পানি উঠেছে জিনিসপত্রসহ তাদেরকে আশ্রয় কেন্দ্রে উঠতে সহযোগিতা করছি।’

তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. সুমাইয়া মমিন জানান, উপজেলার তিনটি ইউনিয়নের পানিবন্দি মানুষদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য মাইকিং করা হয়েছে। স্বেচ্ছাসেবক টিম, স্কাউট টিম কাজ করছে। আমাদের উপজেলা প্রশাসনের সবাই কাজ করছে। তিনটি ইউনিয়নে জিআর চাল বরাদ্দ দেয়া হয়েছে, আর শুকনো খাবারের প্যাকেট প্রস্তুত করা হচ্ছে।’