কূটনীতিক পাসপোর্ট প্রত্যাহার ও সমর্পণ ইস্যুতে নীতিমালা জারি

বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় কূটনৈতিক পাসপোর্ট প্রত্যাহার ও সমর্পণের ভিত্তিতে সাধারণ পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে অনুসরণীয় নীতিমালা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগ।

আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগের বহিরাগমন-৪ শাখার উপসচিব মো. কামরুজজামান স্বাক্ষরিত পত্র থেকে এ তথ্য জানা যায়।

নীতিমালায় বলা হয়েছে, কূটনৈতিক পাসপোর্ট প্রত্যাহার ও সমর্পণের ভিত্তিতে নতুন পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে জারিকৃত নির্দেশনাসমূহ হলো প্রাক্তন প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রাক্তন মন্ত্রিসভার সদস্য, সদ্য বিলুপ্ত জাতীয় সংসদের সকল সদস্যসহ যে সকল ব্যক্তিবর্গ কোনো পদে অধিষ্ঠিত থাকায় যোগ্য হিসেবে কূটনৈতিক পাসপোর্ট  গ্রহণ করেছেন, ওই পদে তাদের নিয়োগ বা কর্মকালের অবসান ঘটলে তাদের এবং তাদের স্পাউসগণের কূটনৈতিক পাসপোর্ট অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

এতে আরো বলা হয়, উল্লিখিত ব্যক্তিদের মধ্যে যারা সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করবেন, অন্তত দুটি তদন্ত সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে তাদের অনুকূলে সাধারণ পাসপোর্ট ইস্যু করা যেতে পারে।