সংগঠনের কাজ বন্ধ রেখে বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দিনভর বন্যাদুর্গত এলাকা ঘুরে বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি এ আহ্বান জানান। এর আগে বন্যাদুর্গতদের দেখতে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা সফর করেন জামায়াতের আমির।
জামায়াত আমির তার পোস্টে লিখেছেন, ‘আজকে ভোর বেলায় বিভিন্ন বাধা উপেক্ষা করে ভয়াবহ বন্যার কবলে পড়ে বিপর্যস্ত ফেনী, নোয়াখালী এবং লক্ষ্মীপুর জেলার বন্যা পরিস্থিতি দেখা ও বন্যাদুর্গত অঞ্চলে কষ্টে থাকা মানুষগুলোর কিছুটা খোঁজখবর নেওয়ার তাওফিক আল্লাহ তায়ালা দান করেছিলেন।’
‘পরিস্থিতি খুবই ভয়াবহ। মহান আল্লাহর সাহায্যের বড়ই প্রয়োজন। আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা দক্ষিণ সাংগঠনিক জেলা, মৌলভীবাজার জেলা এবং সিলেট দক্ষিণ সাংগঠনিক জেলাসমূহের নিয়মিত স্বাভাবিক কার্যক্রম স্থগিত রেখে আগামী এক সপ্তাহ বন্যাকবলিত অসহায় মানুষজনকে উদ্ধার ও সর্বাত্মক সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি।
‘সেই সাথে দেশপ্রেমিক সেনাবাহিনীসহ বিভিন্ন সংস্থা, সংগঠন ও ব্যক্তি যারাই এই কাজে আত্মনিয়োগ করেছেন তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সম্মিলিতভাবে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি।’
‘মহান রাব্বুল আলামীন তার একান্ত দয়ায় আমাদের সম্মিলিত প্রয়াসকে কবুল করুন। আমাদের ওপর রহম করুন, ক্ষমা করুন এবং এই ক্ষতি পুষিয়ে দিন।’
উল্লেখ্য, ভারত থেকে নেমে আসা ঢল ও টানা কয়েকদিনের ভারী বর্ষণে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের আটটি জেলা। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের স্থল দিয়ে প্রবল বেগে পানি প্রবেশ করতে থাকায় একের পর এক জনপদ প্লাবিত হচ্ছে।