কোনো শিল্পপ্রতিষ্ঠান যেকোনো ধরনের হুমকির শিকার হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করতে ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের সঙ্গে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই প্রতিনিধিদের সাক্ষাতের সময় তিনি এ আহ্বান জানান।
এ সময় দেশের সব নাগরিকের পাশাপাশি ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন বলে ব্যবসায়ী নেতাদের আশ্বস্ত করেন সেনাপ্রধান। তিনি জানান, শিল্পপ্রতিষ্ঠান, সাপ্লাই চেইন, বন্দরের নিরাপত্তা প্রদানসহ দেশি ও বিদেশি বিনিয়োগকারীরা যাতে নির্বিঘেœ বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করতে পারেন, সেই লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা তৎপর রয়েছে।
গতকাল ঢাকায় আর্মি হেডকোয়ার্টারে সৌজন্য সাক্ষাতে দেশে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং শিল্প কারখানার উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা সচল রাখার লক্ষ্যে শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার করাসহ চাঁদাবাজি রোধে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতা চান ব্যবসায়ী নেতারা। শিল্পের নিরাপত্তা জোরদারকরণ এবং ব্যবসায়ীদের মধ্যে আস্থা ফেরাতে সেনাবাহিনীর সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এফবিসিসিআই সভাপতি।