হাইকোর্টের রায়ে আদিলুর এলানের সাজা বাতিল

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় মানবাধিকার সংস্থা ‘অধিকার’র সাবেক সম্পাদক আদিলুর রহমান খান শুভ্র ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানকে বিচারিক আদালতের দেওয়া সাজার রায় বাতিল করেছে উচ্চ আদালত। সাজার বিরুদ্ধে আদিলুর রহমান ও এলানের করা আপিল গতকাল বৃহস্পতিবার মঞ্জুর করে বিচারপতি আবদুর রবের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়। বর্তমান অন্তর্বর্তী সরকারের শিল্প মন্ত্রণালয়ের পাশাপাশি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন আদিলুর রহমান খান।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় গত বছরের ১৪ সেপ্টেম্বর ঢাকার সাইবার ট্রাইব্যুনাল এক রায়ে আদিলুর রহমান ও এলানকে দুই বছর করে কারাদ- ও ১০ হাজার টাকা করে অর্থদ- দেয়। সাজার আগে জামিনে থাকা দুজনকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়। রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পাওয়ার পর ২৫ সেপ্টেম্বর সাজা থেকে খালাস চেয়ে আপিল ও জামিন চেয়ে আইনজীবীর মাধ্যমে হাইকোর্টে আপিল করেন দুই জন। গত বছরের ১০ অক্টোবর হাইকোর্টের একটি একক বেঞ্চ আদিলুর রহমান ও এলানকে জামিন দিয়ে তাদের আপিল শুনানির জন্য গ্রহণ করে দুজনকে বিচারিক আদালতের দেওয়া অর্থদ-ের আদেশ স্থগিত করে। এর ধারাবাহিকতায় আপিলের ওপর শুনানি শেষে এ রায় হলো। আদালতে দুইজনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী রুহুল আমিন ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

প্রসঙ্গত ২০১৩ সালের ৫ মে মতিঝিলে শাপলা চত্বর এলাকায় হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সরিয়ে দিতে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে ৬১ জনের মৃত্যুর তথ্য ওই বছরের ১০ জুন অধিকার তাদের ওয়েবসাইটে প্রকাশ করে। এ ঘটনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা হয়। তদন্ত শেষে একই বছরের ৪ সেপ্টেম্বর দুইজনের বিরুদ্ধে আদালতে ঢাকা মহানগর গোয়েন্দা সংস্থার (ডিবি) প্রতিবেদন দেওয়ার পর বিচার শুরু হয়।

অ্যাডভোকেট রুহুল আমিন ভূঁইয়া দেশ রূপান্তরকে বলেন, ‘হাইকোর্ট আপিল মঞ্জুর করে দুইজনের সাজা বাতিল করেছে। তারা এখন অভিযোগ থেকে মুক্ত।’