বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পরিবার নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক সংসদ সদস্য (এমপি) হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননের বিরুদ্ধে মামলা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে জিয়াউর হক নামে এক আইনজীবী এ মামলাটি করেন।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেয়। মামলার অভিযোগে বলা হয়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারক শামসুদ্দিন চৌধুরী মানিক ২০২২ সালের ৩ অক্টোবর চ্যানেল আইয়ের টক শো ‘মেট্রোসেম টু দ্য পয়েন্ট’-এ জিয়াউর রহমানকে ‘রাজাকার ও যুদ্ধাপরাধী’ হিসেবে অভিহিত করেন। এ ছাড়া গত বছরের ১৫ ফেব্রুয়ারি একটি সেমিনারে বলেন, ‘জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না। তিনি ছিলেন মুক্তিযুদ্ধে অনুপ্রবেশকারী।’
২০১৩ সালের ১৯ জুলাই ভিন্ন অনুষ্ঠানে জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন জিয়াউর রহমানকে নিয়ে বিরূপ মন্তব্য করেন।