বাংলাদেশ-পাকিস্তান টেস্টে ফিরল শচীনের ১৯৪* রানের স্মৃতি

রাওয়ালপিন্ডিতে চলমান সিরিজের প্রথম টেস্টে ৪৪৮ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে পাকিস্তান। সেঞ্চুরিয়ান মোহাম্মদ রিজওয়ান অপরাজিত থাকেন ১৭১ রানে। এতেই তৈরি হয়েছে সমালোচনা। সমর্থকদের বক্তব্য, ডাবল সেঞ্চুরির জন্য যেখানে মাত্র ২৯ রান প্রয়োজন, সেখানে কেন ইনিংস ঘোষণা করলেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ?

বিষয়টি নিয়ে পাকিস্তানের সহ-অধিনায়ক সৌদ শাকিল বলেছেন, রিজওয়ানকে আগেই জানানো হয়েছিল কখন ইনিংস ঘোষণা করা হবে। তার ভাষায়, ‘রিজওয়ান অনেক আগেই জানত ইনিংস ঘোষণা করা হবে। এটা নিয়ে তার কোনো ক্ষোভ আছে বলে মনে হয় না। এক-দেড় ঘণ্টা আগে আমরা বলেছিলাম যে, ৪৫০ রানের কাছাকাছি স্কোর হলেই ইনিংস ঘোষণা করা হবে।’

এ বিষয়ে রিজওয়ান এখনো কোনো বক্তব্য দেননি। তবে রাওয়ালপিন্ডির এই ঘটনায় ফিরে এসেছে ২০০৪ সালে ভারতের পাকিস্তান সফরের স্মৃতি। সেই সফরের একটি ম্যাচে শচীন টেন্ডুলকার ১৯৪ রানে ব্যাট করছিলেন। তখনই সবাইকে অবাক করে দিয়ে ইনিংস ঘোষণা করে দেন অধিনায়ক রাহুল দ্রাবিড়! শচীন মাত্র ৬ রানের জন্য ডাবল সেঞ্চুরি মিস করলেও ভারত সেই ম্যাচ জিতেছিল ইনিংস এবং ৫২ রানে।

শচীনের ১৯৪* রানের সেই ম্যাচে রাহুল দ্রাবিড়ের ইনিংস ঘোষণার দৃশ্য।

২০ বছর আগের সেই ঘটনায় সমালোচনার ঝড় উঠেছিল। এমনকী এখন পর্যন্ত শচীনের সেই ডাবল সেঞ্চুরি মিস করার ঘটনা উঠে আসে ক্রিকেট বিষয়ক আলোচনায়। গত সপ্তাহেই কলকাতায় এক অনুষ্ঠানে সৌরভ গাঙ্গুলী সেই ঘটনা নিয়ে মজা কারে বলেছিলেন, ‘ভাগ্যিস আমি ওই ম্যাচে অধিনায়ক ছিলাম না।’ রিজওয়ান অবশ্য সেঞ্চুরি থেকে অনেকটাই দূরে ছিলেন। তবু পাকিস্তানের ক্রিকেটাঙ্গনে বেশ আলোচনার জন্ম হয়েছে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশ ৩ উইকেটে ১৪৭ রান তুলেছে। পাকিস্তানের থেকে তারা এখনো ৩০১ রান পিছিয়ে।