ইউরো ২০২৪ এ বেলজিয়াম দলে ছিলেন না অভিজ্ঞ গোলকিপার থিবো কোর্তোয়া। গেল চ্যাম্পিয়নস লিগ ফাইনালে রিয়াল মাদ্রিদের গোলবার সামলালেও তাকে রাখা হয়নি ইউরো স্কোয়াডে।
তেদেস্কোর সঙ্গে কোর্তোয়ার মতবিরোধ আগে থেকেই। এবার কোর্তোয়া জানালেন, তেদেস্কোর কোচিংয়ে বেলজিয়াম দলে আর খেলবেন না। সামাজিক মাধ্যমে নিজের সিদ্ধান্তের কথা জানান কোর্তোয়া।
কোর্তোয়া লেখেন, 'জাতীয় দলের জার্সি গায়ে চাপাতে পারা আমার জন্য ছিল দারুণ সম্মানের। কল্পনাতেও ভাবতে পারিনি, ১০০ বারের বেশি এটা আমি করতে পারব। দুর্ভাগ্যজনকভাবে, কোচের সঙ্গে নানা ঘটনার পর এবং অনেক ভাবার পর আমি সিদ্ধান্ত নিয়েছি যে, তার ব্যবস্থাপনায় বেলজিয়ান জাতীয় দলে আর ফিরব না।'
৩২ বছর বয়সী এই গোলকিপার জানান, ফুটবল ফেডারেশনকেও নিজের সিদ্ধান্ত ব্যাখ্যা করেছেন তিনি। তার দাবি, জাতীয় দলের ভালোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
গত বছরের জুনে ইউরো বাছাইপর্বের সময় বেলজিয়ামের ক্যাম্প ছেড়ে যান কোর্তোয়া। কোচ তেদেস্কো পরে সংবাদমাধ্যমে জানান, অস্ট্রিয়া ম্যাচের জন্য রোমেলু লুকাকু ও এস্তোনিয়া ম্যাচের জন্য কোর্তোয়াকে অধিনায়ক ঘোষণা করেন তিনি। সবাই সেটা মেনে নিলেও কোর্তোয়া অসন্তুষ্ট হয়ে ক্যাম্প ছেড়ে গেছেন বলে দাবি করেন কোচ।
বেলজিয়ামের হয়ে এখন পর্যন্ত ১০২ ম্যাচ খেলেছেন কোর্তোয়া।