গত মাসে হত্যাচেষ্টার পর খোলা জায়গায় প্রথম সমাবেশ করলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট এবং রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নর্থ ক্যারোলিনা এভিয়েশন মিউজিয়াম অ্যান্ড হল অব ফেমে বুলেটপ্রুফ কাঁচ দিয়ে ঘেরা একটি পোডিয়ামের পেছন থেকে সমাবেশের বক্তৃতা করেন তিনি।
এই সমাবেশ ছিল ডেমোক্র্যাটদের জাতীয় সম্মেলন থেকে দৃষ্টি সরিয়ে নেয়ার জন্য দেশজুড়ে ট্রাম্পের সপ্তাহব্যাপী সফরের অংশ। ট্রাম্প বলেন, ‘ছিয়াত্তর দিন পর আমরা এই রাজ্যে জয়ী হতে যাচ্ছি এবং আমরা হোয়াইট হাউস জিততে যাচ্ছি।’
সমাবেশে ট্রাম্পের নিরাপত্তায় অতিরিক্ত দেয়াল তৈরি করতে এবং দৃষ্টি সীমারেখা অবরুদ্ধ করতে ঘেরের চারপাশে স্টোরেজ পাত্র উঁচু করে রাখা হয়েছিল। স্নাইপাররা অনুষ্ঠানস্থলের ছাদে অবস্থান নিয়েছিল। সেখানে পুরনো বিমানগুলো পোডিয়ামের পেছনে ছিল এবং ক্রেন থেকে একটি বড় আমেরিকান পতাকা ঝুলিয়ে রাখা হয়েছিল।
রিপাবলিকান প্রাইমারির পর নির্বাচনী প্রচারণার ব্যস্ততম সপ্তাহে ব্যাটলগ্রাউন্ড রাজ্যগুলো সফর করেছেন ট্রাম্প, রাজ্যগুলো নির্বাচনের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবারের নির্বাচনে নর্থ ক্যারোলিনার গুরুত্ব প্রতিফলিত করে গত এক সপ্তাহে এটি ট্রাম্পের দ্বিতীয় সফর। গত বুধবার নর্থ ক্যারোলিনার অ্যাশভিলে অর্থনীতি নিয়ে বক্তৃতা দিতে হাজির হয়েছিলেন ট্রাম্প।