রাজধানীর সবুজবাগে পূর্বশত্রুতার জেরে আলমগীর (২৬) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি মোটরসাইকেলে যাত্রী পরিবহন করতেন।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে মুগদা হাসপাতালে নিয়ে গেলে রাতেই চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত আলমগীরের বড় বোন পারুল আক্তার জানান, তাদের বাড়ি জামালপুরের সদর উপজেলার নারায়ণপুর গ্রামে। বাবার নাম ফজল মিয়া। বর্তমানে সবুজবাগ দক্ষিণ রাজারবাগ বাগপাড়া এলাকায় স্ত্রী জেসমিন আক্তার ও ৯ মাস বয়সী মেয়েকে নিয়ে ভাড়া বাসায় থাকতরন আলমগীর।
তিনি আরও বলেন, গত মঙ্গলবার সন্ধ্যায় রাজারবাগ এলাকা থেকে একই এলাকার আলী, আলমগীরের কাছ থেকে জোরপূর্বক ১৫ হাজার টাকা নেন। বিষয়টি নিয়ে আলীর বড় ভাই ওলির কাছে বিচার দেন আলমগীর। বৃহস্পতিবার রাতে রাজারবাগের বাগপাড়ায় ওলির কাছে আবারও যান আলমগীর। জানতে পেরে আলী সেখানে গিয়ে আলমগীরকে ছুরিকাঘাত করেন। এ সময় ঘটনাস্থলে আলির বড় বোন সাবিনা ও তার স্বামী আকবর উপস্থিত ছিলেন।
স্বজনদের অভিযোগ, তারা সবাই মিলে আলমগীরকে মারধর করেন। পরে আলী ছুরিকাঘাত করেন।
সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) সুশান্ত বিশ্বাস জানান, পূর্বশত্রুতার জের ধরে অভিযুক্তরা আলমগীরকে ছুরিকাঘাত করেন। মরদেহ শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।