আগামী ২১ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে দেশটির সাধারণ নির্বাচন। তার আগে ১৮ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। ম্যাচটি হবে গল আন্তর্জাতিক স্টেডিয়ামে।
তবে নির্বাচন উপলক্ষে ভোটের দিন বন্ধ থাকবে খেলা। ম্যাচ শেষ হবে ২৩ সেপ্টেম্বর। ফলে ৬ দিনে শেষ হবে গল টেস্ট।
টেস্ট ক্রিকেটে এমন ঘটনা সবশেষ দেখা গিয়েছিল ২০০৮ সালে। সেই ঘটনায় জড়িয়ে আছে বাংলাদেশের নাম। নবম জাতীয় সংসদ নির্বাচনের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুর টেস্ট চলাকালে একদিন (২৯ ডিসেম্বর) রাখা হয়েছিল 'রেস্ট ডে' বা বিরতি।
শ্রীলঙ্কার মাটিতে এর আগে ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে কলম্বো টেস্টের মাঝে লঙ্কানদের স্থানীয় পোয়া ডে (পূর্ণিমা) হওয়ায় সেদিন খেলা হয়নি।
বিংশ শতাব্দীতে টেস্টে 'রেস্ট ডে' ছিল নিয়মিত ঘটনা। ইংল্যান্ডে অনেক ম্যাচ ছয় দিন ধরে খেলা হতো। মাঝে রবিবার থাকতো বিরতি।