সেচ্ছাসেবক দল নেতাকে হত্যা, সাবেক এমপিসহ ৩৩ জনের বিরুদ্ধে মামলা 

সাভারের আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে মো. মামুন খন্দকার (৪৩) নামে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহতের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

বৃহস্পতিবার রাতে নিহতের স্ত্রী মোসাম্মৎ সাথী বাদী হয়ে সাবেক এমপি সাইফুল ইসলামসহ ৩৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকশ নেতাকর্মীর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। 

নিহত মো. মামুন খন্দকার ঢাকার আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকার মৃত হাজী মো. মুজিবর রহমান খন্দকারের ছেলে। তিনি সাভার উপজেলার ধামসোনা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ছিল বলে জানা গেছে। 

মামলার এজাহার থেকে জানা যায়, বিএনপির রাজনীতির সাথে যুক্ত থাকায় চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে বিভিন্ন মিছিলে অংশগ্রহণ করতেন। এজন্য ৪ আগস্ট রাতে স্থানীয় আওয়ামী লীগ নেতা আরিফ মাদবরসহ অন্যান্য নেতাকর্মীরা তার বাসায় গিয়ে মিছিলে না যাওয়ার নির্দেশ দেয় এবং মিছিলে গেলে তাকে গুলি করে হত্যার কথা জানায়। কিন্তু তাদের কথা অমান্য করে ৫ আগস্ট মিছিলে যোগ দিলে মামুন খন্দকারকে কপালে পিস্তল ঠেকিয়ে গুলি করে ও পিটিয়ে হত্যা করে আসামিরা।

মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছে- শামীম আহম্মেদ সুমন ভূইয়া (৫০), কবির সরকার (৫২), এনামুল হক মুন্সী (৪৭), মঈনুল ইসলাম ভূইয়া (৪৩), মনিকা হাসান (৩০), মতিউর রহমান (৬২), লতিফ মন্ডল (৬৫), হাসান মন্ডল (৩৮), গাউস মোল্লা (৩৫), পান্নু শেখ (৩৭), রুবেল ভূইয়া (৩৫), আব্দুল কাদের দেওয়ান (৬০), এ.আর.মন্টু পাটোয়ারী (৫৫), আমির হোসেন জয় (৩২), শামীম মন্ডল (৪০), সফি মাদবর (৪৫) প্রমুখ। 

আশুলিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।