রোমাতেই থাকছেন দিবালা

ইতালিয়ান ক্লাব রোমা ছেড়ে পাওলো দিবালার সৌদি আরবের ফুটবলে পাড়ি জমানোর গুঞ্জন চলছিল বেশ কিছুদিন ধরে। তবে দিবালা এবার নিজের ভবিষ্যৎ নিয়ে ইঙ্গিতে বুঝিয়ে দিলেন রোমাতেই থাকছেন তিনি।

কয়েকটি সংবাদমাধ্যমের খবর, সৌদি প্রো লিগের দল আল কাদসিয়াহর মোটা অঙ্কের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন দিবালা।

ইনস্টাগ্রাম পোস্টে ৩০ বছর বয়সী দিবালা লিখেছেন, 'ধন্যবাদ রোমা… রোববার দেখা হচ্ছে।'

গেল রবিবার সিরি আ'তে রোমার প্রথম ম্যাচেও শুরুর একাদশে রাখা হয়নি দিবালাকে। বৃহস্পতিবার দলের থেকে আলাদাভাবে অনুশীলনও করেন তিনি। তাতে ধারণা করা হচ্ছিলো সৌদিতেই হয়তো পাড়ি দিচ্ছেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।

রোমার সঙ্গে দিবালার চুক্তি আছে ২০২৪-২৫ মৌসুম পর্যন্ত। তবে এই মৌসুমে অন্তত ১৫ ম্যাচ খেললে চুক্তির মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বেড়ে যাবে।