জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৩ আগস্ট) রাতে রাজধানীর বনানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। তবে কেন এবং কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
গ্রেপ্তার আ স ম ফিরোজ পটুয়াখালী-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য। এ ছাড়া আ স ম ফিরোজ দশম জাতীয় সংসদে চিফ হুইপের দায়িত্ব পালন করেন।
গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর আন্দোলনের মুখে আত্মগোপনে চলে যান আ স ম ফিরোজসহ আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা। আত্মগোপনের তালিকায় আছেন সাবেক মন্ত্রী, সরকারি কর্মকর্তা ও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত ব্যক্তিরা।