ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে ২০২১ সালের ২৬ মার্চ চট্টগ্রামের হাটহাজারীতে গুলিতে মাদ্রাসা শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে নিহত রবিউল ইসলামের বাবা আবদুল জব্বার বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় মামলাটি করেছেন।
নিহত রবিউল ইসলাম কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলা ইউনিয়নের মুন্সিরহাট বলা গ্রামের বাসিন্দা। তিনি হাটহাজারী বড় মাদ্রাসার দাওরায়ে হাদিসের সমাপনী (২০২১ সালের) পরীক্ষার্থী ছিলেন।
মামলায় হাটহাজারী মডেল থানার সাবেক ওসি মো. রফিকুল ইসলামকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া তরিকত ফেডারেশনের চেয়ারম্যান (ফটিকছড়ির সাবেক এমপি) সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি, চট্টগ্রামের সাবেক পুলিশ সুপার এসএম রশিদুল হক ও উপজেলা পরিষদের দুই উপজেলা চেয়ারম্যানসহ ২৮ জনের নাম উল্লেখ করা হয়েছে আসামি হিসেবে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১৫-২০ জন পুলিশ সদস্য ও ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেল ৩টার দিকে ভারতের প্রধানমন্ত্রীর সফরের প্রতিবাদে ঢাকায় মিছিলে হামলা হয়। এ হামলার প্রতিবাদে হাটহাজারীতে বাদ জুমা সাধারণ ছাত্র-জনতা প্রতিবাদ মিছিল বের করে। ওই মিছিলে হামলা চালানো হয়। এ সময় গুলিতে নিহত হন রবিউল ইসলাম।