উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল আর অতিবৃষ্টিতে বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। লক্ষ লক্ষ মানুষ আর প্রাণী পানিবন্দি। বিপদগ্রস্ত এসব মানুষের পাশে দাঁড়াতে ধর্ম-বর্ণ নির্বিশেষে গোটা দেশে জেগে উঠেছে। বহু মানুষ গিয়েছেন উদ্ধার অভিযানে। দেশজুড়ে ত্রাণ কার্যক্রমে পাওয়া গেছে অভূতপূর্ব সাড়া।
বন্যার্তদের সহায়তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ মানুষের এই লড়াইয়ের বহু ছবি-ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এসব দেখে উদ্বুগ্ধ হচ্ছেন বাকিরাও। তাদেরই একজন জাতীয় দলের তারকা ওপেনার তামিম ইকবাল। ত্রাণ ও উদ্ধার কার্যক্রমের কিছু ছবি ফেসবুকে পোস্ট করে তামিম লিখেছেন, এই ছবিগুলোই তার কাছে বাংলাদেশ।
তামিমের ভাষায়, ‘কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, ‘‘বাংলাদেশ আপনার কাছে কি?’’ আমি এই ছবিগুলো দেখিয়ে দেব। কেউ যদি বলে, ‘‘কেমন বাংলাদেশ দেখতে চান?’’ এই ছবিগুলো মেলে ধরব। এরকম আরও অনেক ছবি-ভিডিও গত কয়েক দিনে দেখেছি। অনেক কিছু শুনেছি। এটাই তো আমার দেশ! এমন বাংলাদেশই তো চাই! সৌহার্দ্য, সহমর্মিতা, সম্প্রীতি আর ভালোবাসায় মোড়ানো দেশ। যত বিপর্যয়, তত বন্ধন। যত সঙ্কট, তত সমাধান। যত প্রলয়, তত প্রতিজ্ঞা।’